ফটিকছড়িতে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান, আটক ৪৫ কিশোর
কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ফটিকছড়ি ও ভূজপুর থানার আওতাধীন বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থান এবং কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে একযোগে অভিযান চালানো হয়। এতে ফটিকছড়ি থানা পুলিশ ১৬ জন এবং ভূজপুর থানা পুলিশ ২৯ জন কিশোরকে আটক করে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভারসাম্যহীন গৃহবধূর
পরে আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৪৪ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, “কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ অভিযান চালানো হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়েছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় অধিকাংশকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: অটোচালক জাকারিয়া হত্যা; পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩
ভূজপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পাশাপাশি সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।





