রাষ্ট্র বিরোধী যে কোন ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি'বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সাধারণ মানুষের শান্তিময় জীবন নিশ্চিত করতে রাষ্ট্রবিরোধী যে কোন ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল পরিস্থিতি মোকাবেলা করে দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।
প্রতিমন্ত্রী শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নান্দাইল চৌরাস্তায় আয়োজিত এক বিশাল মিছিল শেষে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড
প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি আরও বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ফ্যাসিষ্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।কিন্তু জনগণ এখন কোন ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য দেখতে চায় না।দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন,জনগণ দ্বারা বিতাড়িত বিগত ফ্যাসিষ্ট সরকার দেশকে ধ্বংস করে গিয়েছে সেই ধ্বংসস্তুপ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।ফ্যাসিষ্ট সরকারকে এ দেশের জনগণ বিতাড়িত করেছে এবং জনগণই তা প্রতিহত করবে।তাই কোন ফ্যাসিষ্ট যাতে দেশের কোন ক্ষতি করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
কেউ বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি'র নেতৃত্ব অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপিসহ উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগন স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করেন।





