সিভিল এভিয়েশন একাডেমিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম প্রশিক্ষণ কোর্সের সমাপনী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন বিষয়ে মৌলিক ও সমন্বিত ধারণা দিতে প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমি।

বুধবার (২ অক্টোবর) সিভিল এভিয়েশন একাডেমিতে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তা অংশ নেন। গত ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর—মোট পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জুলকার নায়ন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

এ ছাড়া বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (এটিএম) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডোর মো. মনিরুল ইসলাম, সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক, প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন, সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে Civil Aviation Policy and Procedure, Flight Safety and Regulation, Aviation Security, Air Transport Economy, ICAO-এর কার্যক্রম ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাসহ সিভিল এভিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি অংশগ্রহণকারীদের বিমানবন্দর পরিচালনা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (ATMC), এপ্রোন ও ফায়ার স্টেশন পরিদর্শন করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সিভিল এভিয়েশন সম্পর্কে সমন্বিত জ্ঞান ও অভিন্ন ধারণা মন্ত্রণালয় ও বেবিচকের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের পাশাপাশি দেশের এভিয়েশন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীদের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিভিল এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ও সমন্বিত ধারণা অর্জন করেছেন। এ জ্ঞান তাঁদের দায়িত্ব পালনে সহায়ক হওয়ার পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ হবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর স্ট্যান্ডার্ড ও সুপারিশমালার আলোকে বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।