গোপালগঞ্জের ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ এবং আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় রাজনৈতিক নেতা, সাবেক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নাম রয়েছে। এ ছাড়া আবাসন ও পরিবহন খাতের প্রতিষ্ঠানও তালিকায় রয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে গত তিন দিনে চিঠি পাঠিয়ে এসব ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম শুরু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় গ্রিডে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা
তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহারের নাম রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।
আরও পড়ুন: সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
এ ছাড়া তালিকায় রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনের নামও রয়েছে তালিকায়।
উপজেলাভিত্তিক তালিকায় কোটালীপাড়ার ৩২ জন
এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ৯৭ ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।
চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি আবাসন খাতের এবং একটি পরিবহন খাতের প্রতিষ্ঠান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আর্থিক লেনদেন যাচাই করে নেওয়া হবে আইনি পদক্ষেপ
সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে তাদের আর্থিক লেনদেনের উৎস, গতিবিধি এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগের সঙ্গে কোনো আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হবে।
সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হবে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





