বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ত্যাগ করে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

আরও পড়ুন: মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

তিনি জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

আরও পড়ুন: শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সিদ্ধান্ত ভারতের: তথ্য উপদেষ্টা

যৌথ প্রশিক্ষণ মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের মহড়া বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, অত্যন্ত পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত।’

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নেয়।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।