কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

Sanchoy Biswas
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মৌচাক এলাকায় ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও আহত ২

খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা হঠাৎ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করলে জানমালের নিরাপত্তায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক