শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সিদ্ধান্ত ভারতের: তথ্য উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, কিংবা ফিরলে কোন পথে আসবেন—এ নিয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণ নিয়ে আলোচনা করতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে আলোচনা তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গে হবে। তাঁর ভাষ্য, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার বিষয়। তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা এমনভাবে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছেন, যেন তাঁর সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে।

আরও পড়ুন: ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দুই দেশই প্রতিবেশী এবং একে অপরকে পরিবর্তন করার সুযোগ নেই। তাই ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকা ছাড়া দুই দেশের সামনে কার্যকর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। শেখ হাসিনা দেশে ফিরতে না চাইলে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তিনি নিজেই বাংলাদেশে আসতে চান বলে যে বক্তব্য এসেছে, তাতে প্রত্যর্পণের বিষয়ে আর আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে জোর করে প্রত্যর্পণ করবে—বিষয়টি এমন নয়। শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশও তাঁকে ফেরত চায়। ফলে দুই পক্ষের অবস্থান এক জায়গায় মিলেছে বলে মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, শেখ হাসিনা ভারতকে তাঁকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন। এরপর বাংলাদেশ তাঁর বিষয়ে কী পদক্ষেপ নেবে, তা দেখা যাবে।

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য তারিখ ১৬ ডিসেম্বর বলে রয়টার্সের প্রতিবেদনে তাঁর মুখপাত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান এই তথ্যের মধ্যে উল্লেখ করা হয়নি।