এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২০ নভেম্বর) এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।
চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে এবং উভয় ক্যাটাগরিতেই পুরস্কার অর্জন করেছে। দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের ধারাবাহিক কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ৭ গোলের ঝড়ে কোস্টারিকাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
এর আগে, ২০২৫ সালে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। এর মাধ্যমে টানা দুই বছর এএফসির গ্রাসরুটস ফুটবলে স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ। পাশাপাশি এবার মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতেও এসেছে বিশেষ সম্মাননা।
এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার ২০২৬ রুবি ক্যাটাগরি
আরও পড়ুন: নেদারল্যান্ডসকে ৫ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে জার্মানি
এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার পুরস্কারের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সামগ্রিক কার্যক্রম ও সাফল্য মূল্যায়ন করা হয়। এর আওতায় রয়েছে আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, গ্রাসরুটস ফুটবলের উন্নয়ন, কোচিং ও রেফারিং কোর্স, নারী ফুটবলের অগ্রগতি, সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ এবং বিভিন্ন ফুটবল আয়োজন ও কার্যক্রম।
এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল ২০২৬-সিলভার ক্যাটাগরি
তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সদস্য দেশগুলোর কার্যক্রম ও অবদান বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়। গ্রাসরুটস ফুটবলের উন্নয়নমূলক উদ্যোগ, প্রতিযোগিতা আয়োজন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, কোচিং কোর্স ও কর্মশালা, বিনিয়োগ এবং বিভিন্ন ফুটবল আয়োজনের ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেওয়া হয়।
এএফসির এই দুটি সম্মাননা বাংলাদেশের ফুটবলের জন্য গর্বের ও অনুপ্রেরণার। দেশের প্রতিটি পর্যায়ে ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান প্রচেষ্টাকে এই অর্জন আরও উৎসাহিত করবে।





