বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা

Sanchoy Biswas
আবদুল মোনাফ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি। সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম গতিশীল করতে এবং নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ পরিকল্পনার আওতায় সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ, বন্দরের পণ্যবাহী যানবাহনের জন্য পৃথক লেন এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ডা. শাহাদাত বলেন, সল্টগোলা ক্রসিংয়ে বড় গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের পণ্যবাহী ভারী যানবাহনের জন্য পৃথক লেন তৈরি করা হবে। এতে বন্দরের পণ্যবাহী গাড়ি ও সাধারণ যানবাহনের চলাচল আলাদা করা সম্ভব হবে। ফলে যানজট কমার পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে।

সড়ক সম্প্রসারণ ও পৃথক লেন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও আহত ২

প্রশাসক আরও বলেন, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোড আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যান চলাচল করে। অতিরিক্ত ভারের কারণে বিটুমিনাস কার্পেটিংয়ের সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এতে বারবার সংস্কারের প্রয়োজন পড়ে এবং জনদুর্ভোগ বাড়ে।

তিনি বলেন, আরসিসি সড়ক নির্মাণ করা হলে এর স্থায়িত্ব বাড়বে এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে। পাশাপাশি প্রস্তাবিত সড়কগুলোতে সমন্বিত ইউটিলিটি ডাক্ট সিস্টেম রাখা হবে। এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেটসহ বিভিন্ন সেবা সংস্থার লাইন পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। ভবিষ্যতে এসব লাইন মেরামত বা নতুন সংযোগের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না।

ডা. শাহাদাত জানান, এসব উন্নয়নকাজ বাস্তবায়নে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। প্রকল্পে সড়ক নির্মাণের পাশাপাশি যানজট নিরসন, ভারী যানবাহনের সুশৃঙ্খল চলাচল এবং ইউটিলিটি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

নগরীর সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। চসিক, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় কাজ করতে হবে। একটি সংস্থার উন্নয়নকাজ যেন অন্য সংস্থার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।