মুখোশের আড়ালে বন্ধুত্ব: চিনে নিন ৫টি ‘ভুয়া বন্ধুর’ লক্ষণ, যা ছোট মুহূর্তেই ধরা পড়ে

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বন্ধুত্বের সম্পর্ক বাইরে থেকে যতটা রঙিন ও ঘনিষ্ঠ মনে হয়, ভেতরের বাস্তবতা সব সময় ততটা আন্তরিক হয় না। অনেক সময় বিশাল কোনো বিশ্বাসঘাতকতা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট আচরণেই বুঝিয়ে দেয় কে আসল বন্ধু আর কে শুধুই সময়ের সঙ্গী। আপনি যখন পাশে থাকেন না তখন সে কেমন আচরণ করে, কিংবা আপনার সাফল্যে তার চোখ-মুখ কেমন বদলায়—এসব সূক্ষ্ম বিষয় থেকেই আসল চেহারা সামনে আসে।

অবশ্য একটি ভুল করলেই কাউকে ‘ভুয়া বন্ধু’ তকমা দেওয়া ঠিক নয়। তবে একই ধরনের নেতিবাচক আচরণ যখন বারবার ঘটতে থাকে, তখন সচেতন হওয়া জরুরি। সম্পর্কের টানাপোড়েন বিশ্লেষণে এমন পাঁচটি আচরণের কথা উঠে এসেছে, যেগুলো দেখলে একটু থমকে দাঁড়ানো প্রয়োজন।

আরও পড়ুন: শীতে কি পিরিয়ডের ব্যথা বাড়ে? ঠান্ডা নয়, দায়ী হতে পারে যে ৫ অভ্যাস

১. কেবল দরকারে মনে পড়ে যাকে

এই ধরনের বন্ধুদের ইনবক্স বা কল সাধারণত কোনো না কোনো প্রয়োজনেই সচল হয়। কখনো কোনো অনুরোধ, কখনো উপকারের আশা, আবার কখনো নিজের কোনো জটিলতা আপনার কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা থাকে। অথচ দিনশেষে আপনার যখন একটু মন খুলে কথা বলার প্রয়োজন হয় বা বিপদে পড়ে সাহায্যের খোঁজ করেন, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুত্ব তো আর একতরফা লেনদেন নয়।

আরও পড়ুন: আজ আনফ্রেন্ড দিবস, বন্ধু তালিকা থেকে বাদ পড়বেন কারা?

২. আপনার আনন্দে যার মুখ শুকায়

জীবনের কোনো ভালো খবর বা সাফল্য ভাগ করে নিলে কেউ কেউ তা সাদরে গ্রহণ করতে পারেন না। বরং আপনার অর্জনকে ছোট করে দেখানো কিংবা অন্য কারো সাফল্যের সঙ্গে তুলনা টেনে এনে আনন্দটাকে ফিকে করে দেওয়ার প্রবণতা দেখা যায়। মাঝেমধ্যে কারো প্রতিক্রিয়া কিছুটা অগোছালো হতে পারে, কিন্তু বারবার আপনার খুশিকে গুরুত্বহীন বানিয়ে দেওয়াটা অবশ্যই চিন্তার বিষয়।

৩. বিশ্বাসের অমর্যাদা ও গোপনীয়তা ফাঁস

আস্থা থেকেই মানুষ মনের অনেক কথা শেয়ার করে। কিন্তু সেই বিশ্বাস ভেঙে যখন নিজের গোপন কথা অন্যদের মুখে মুখে ফেরে, তখন সম্পর্কটা আর আগের মতো থাকে না। গুরুতর কোনো কারণ ছাড়া ব্যক্তিগত আলাপচারিতা গোপন রাখাটা প্রকৃত বন্ধুত্বের প্রাথমিক শর্ত।

৪. দুর্বলতা নিয়ে বারবার ঠাট্টা

বন্ধুদের আড্ডায় খুনসুটি বা হালকা রসিকতা স্বাভাবিক। কিন্তু সেই রসিকতা যখন আপনার আত্মবিশ্বাস বা দুর্বল জায়গাগুলোকে (ইনসিকিউরিটি) আঘাত করে, তখন তা আর মজা থাকে না। একবার-দুবার বলার পরও যদি কেউ বুঝতে না চায় বা ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েই চলে, তবে ধরে নিতে হবে সে আপনার অনুভূতির দাম দিচ্ছে না।

৫. সুখের দিনে পাশে, দুঃখের দিনে গায়েব

আড্ডা, ঘোরাঘুরি কিংবা উৎসবের আলোয় যাদের সব সময় কাছাকাছি দেখা যায়, জীবনের কঠিন সময়ে তাদের ছায়াও মিলতে চায় না। একজন বন্ধু যে সব সমস্যার জাদুকরী সমাধান করে দেবেন, এমন নয়; কিন্তু সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানো বা আন্তরিকভাবে খোঁজ নেওয়াটাই তো আসল বন্ধুত্বের প্রমাণ।

সব মিলিয়ে, সম্পর্কের ভিড়ে আসল মানুষ চিনে নেওয়াটা আত্মসম্মান ও মানসিক শান্তির জন্য খুব জরুরি। কারণ, শত ব্যস্ততার মাঝেও যে মানুষটি আপনার ভালো-মন্দে পাশে থাকে, প্রকৃত বন্ধুত্বের সৌন্দর্য আসলে সেখানেই।