ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০০ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চেনা বাণিজ্যিক সিনেমার ছক থেকে বেরিয়ে চার নারীকে গল্পের কেন্দ্রে রেখে নির্মিত হয়েছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটিতে নেই কোনো প্রথম সারির নায়ক, নেই গতানুগতিক নায়কনির্ভর গল্প। বরং চার অভিনেত্রীর অভিনয়েই এগিয়েছে পুরো কাহিনি। চলতি বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছ থেকেও পেয়েছে ভালো সাড়া। এবার প্রেক্ষাগৃহের পর ঘরে বসে দেখার সুযোগ মিলছে সিনেমাটির।

কয়েক দিন ধরেই ‘প্রেশার কুকার’ সিনেমাটি অনলাইনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনমাধ্যমে আসছে—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। অনলাইনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনমাধ্যম ‘হইচই বাংলাদেশ’-এ মুক্তি পাবে সিনেমাটি। আগামী ৮ অক্টোবর থেকে সেখানে দেখা যাবে ‘প্রেশার কুকার’।

আরও পড়ুন: এআই দিয়ে জাহ্নবীর বিকৃত ভিডিও, তীব্র প্রতিবাদ জানালেন বিজয় দেবেরাকোন্ডা

শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে হইচই বাংলাদেশ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে সিনেমাটি ঘিরে একটি বার্তা। সেখানে বলা হয়েছে, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”

সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ না পাওয়া দর্শকদের মধ্যেও ওটিটি মুক্তির খবরে তৈরি হয়েছে আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, এবার ঘরে বসেই সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন তারা।

আরও পড়ুন: কেমন আছেন তানিয়া বৃষ্টি? জানালেন নিজেই

‘প্রেশার কুকার’-এর চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবিকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সিনেমাটির পাশাপাশি এর গানও দর্শক-শ্রোতাদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে। ‘বড়াই করে’ গানটি পেয়েছে জনপ্রিয়তা। গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার। সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব।

প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে যাত্রা শুরু করার পর এবার অনলাইনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনমাধ্যমে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’। চার নারীর গল্প নিয়ে নির্মিত রায়হান রাফীর এই সিনেমা এবার ঘরে বসে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই দেখার অপেক্ষা।