রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, কঠোর হুঁশিয়ারি মাসুম-শামীমের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে অবস্থান, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পূর্বাচলের ৩শ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম ও রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল শোডাউন করেন তারা।কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আবু মোহাম্মদ মাসুম বলেন, “ফ্যাসিস্ট হাসিনা তার অপকর্মের কারণে দেশের জনগণের ধাওয়া খেয়ে লজ্জা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরও আবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না।
আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর
তিনি আরও বলেন,নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মীরা স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। কোথাও নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং থাকবেন।শামীম ভুঁইয়া তার বক্তব্যে বলেন,নৈরাজ্য সৃষ্টি করে কিংবা দেশের সম্পদ ধ্বংস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। যারা সহিংসতা ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় রয়েছেন। কোথাও নাশকতাকারীদের শনাক্ত করা হলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।কর্মসূচিতে নেতাকর্মীরা সড়কে সতর্ক অবস্থান বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানান।





