অ্যাকাডেমি মিউজিয়ামের গালায় গাইবেন টেইলর সুইফট
অস্কারের মনোনয়ন দৌড়ের আগে বিশেষ এক আয়োজনে মঞ্চে উঠতে যাচ্ছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। আগামী ১৭ অক্টোবর অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক গালা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।
অনুষ্ঠানে এ বছরের সম্মাননাপ্রাপ্ত অভিনেত্রী শার্লিজ থেরন, অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো এবং চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টারকে সম্মান জানানো হবে। সুইফটের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আরও পড়ুন: ‘৯৬’ সিনেমায় তৃষার বদলে জ্যোতিকাই কি ছিলেন পরিচালকের প্রথম পছন্দ?
অ্যাকাডেমি মিউজিয়ামের পরিচালক অ্যামি হোমা এক বিবৃতিতে বলেন, টেইলর সুইফট অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী, যার কাজ বিশ্বজুড়ে প্রশংসিত। এবারের গালায় তাকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানানোর পাশাপাশি চলচ্চিত্র সংরক্ষণ ও উদ্যাপনে মিউজিয়ামের লক্ষ্যকে এগিয়ে নিতে সুইফটের পরিবেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, সুইফটের এই পরিবেশনা আসছে অস্কারের ভোট গ্রহণের মৌসুম শুরুর ঠিক আগে। তার ‘টয় স্টোরি ৫’ চলচ্চিত্রের জন্য গাওয়া ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছে। আগামী ডিসেম্বরে প্রাথমিক ভোট গ্রহণের পর ১৫ ডিসেম্বর বিভিন্ন বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। ২০২৭ সালের ২১ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন।
আরও পড়ুন: হঠাৎ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, কেন?
চলচ্চিত্রের জন্য গান তৈরি করলেও এখন পর্যন্ত অস্কারের মনোনয়ন পাননি সুইফট। এর আগে ‘হোয়্যার দ্য ক্রাউড্যাডস সিং’ ছবির ‘ক্যারোলিনা’, ‘ক্যাটস’ ছবির ‘বিউটিফুল ঘোস্টস’ এবং ‘ফিফটি শেডস ডার্কার’ ছবির ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরেভার’-এর মতো গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও আগ্রহী সুইফট। ২০২২ সালে নিজের লেখা চিত্রনাট্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দিয়েছিলেন এই সংগীতশিল্পী। তবে সেই প্রকল্পের নির্মাণকাজ শুরুর সময়সূচি কিংবা মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।





