নব্বইয়ের প্রেমে শ্যামল-মীম
নব্বই দশকের প্রেম, নস্টালজিয়া আর দুই তারকার রসায়নে নতুন করে আলোচনায় তরুণ নির্মাতা মুনতাসির আকিবের চলচ্চিত্র ‘চিরকুট’। ছবিটির রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশের পর দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। গানটিতে পর্দায় জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম। তাদের উপস্থিতি, গানের সুর আর সময়ের আবহ মিলিয়ে গানটি ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
গেল বুধবার সন্ধ্যায় প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল। পুলক অনিলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত। নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। ছবির গল্পের সময়কাল ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটিতে প্রেমের অনুভূতি এবং পুরোনো দিনের স্মৃতি তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।
আরও পড়ুন: অ্যাকাডেমি মিউজিয়ামের গালায় গাইবেন টেইলর সুইফট
গানটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে রেহান রাসুল বলেন, চলচ্চিত্রের গান নিয়ে তিনি বরাবরই সচেতন। ‘প্রেমে গেলাম ডুবে’ চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান। নিজের গাওয়া গানটি বারবার শুনেও মুগ্ধ হচ্ছেন তিনি। গানটি শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে বলেও আশা প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
গানটির কথা লিখতে গিয়ে নব্বই দশকের আবহের সঙ্গে বর্তমান সময়ের শ্রোতাদের রুচির সমন্বয় করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন গীতিকার পুলক অনিল। তার ভাষ্য, নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে লেখা হলেও গানটি যেন বর্তমান প্রজন্মের কাছেও আবেদন তৈরি করে, সে বিষয়টি মাথায় রেখেই কাজ করেছেন তিনি। গানটি সম্পূর্ণ হওয়ার পর নিজেও এর প্রতি ভালো লাগা অনুভব করেছেন।
আরও পড়ুন: হঠাৎ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, কেন?
চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসির আকিব জানান, ‘চিরকুট’-এর প্রতিটি গানই যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। একেকটি গানে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের কণ্ঠে জায়গা করে নেবে বলে আশাবাদী তিনি। এদিকে, বুধবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে ‘চিরকুট’। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর দেশের সিনেপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নির্মাতার ভাষ্য, ছবিতে কোনো প্রাপ্তবয়স্কদের উপযোগী দৃশ্য নেই। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েও ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।
নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘চিরকুট’ বড় পর্দায় দর্শকদের কতটা আবেগে ভাসাতে পারে, এখন সেই অপেক্ষা। তার আগে ছবির গান ‘প্রেমে গেলাম ডুবে’ শ্যামল মাওলা ও আজিজুন মীমের রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।





