টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৬ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরির অভিযোগে সাকিব (৩১) ও রাকিব (২২) নামের দুই আপন ভাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আটক দুই ভাই সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে আকুতি-মিনতি ও কান্নাকাটি শুরু করেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক পাঁচটার দিকে দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে চুরির উদ্দেশ্যে বের হন। এ সময় এক ভাই চালক এবং অপরজন যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা ভবন থেকে এসএস পাইপ নামাতে শুরু করেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা এসে দুজনকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।

আরও পড়ুন: আবারও শুরু হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মঞ্জু ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। দুইভাই চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন

এলাকাবাসী আরও জানান, গণপিটুনির শিকার অভিযুক্ত রাকিব উপস্থিত বাসিন্দাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেন। তিনি চিৎকার করে বলেন, এবার দুই ভাই এক বছরের জন্য জেলে যাচ্ছি। জেল খেটে ফিরে এসে সবাইকে দেখে নেব, গুলি করে মারব। এবার বের হতে পারলে জায়গা মতো দেব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনির শিকার দুই ভাইকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।