উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে, আটক ১

Shahrier Islam Pallab
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বি (২২)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাচ্চু মিয়া প্রায় ৫০ বছর ধরে পরিবার নিয়ে রংপুর শহরে বসবাস করতেন। ঘটনার দুদিন আগে তিনি বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া, যিনি অভিযুক্ত রাব্বির বাবা, গাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করেন।

আরও পড়ুন: বলড়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থায়নে সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন

ঘটনার দিন রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। রাতে সে তার ছোট দাদা বাচ্চু মিয়ার সঙ্গে একই কক্ষে ঘুমাতে যায়। পরে রাত আনুমানিক ১টার দিকে রাব্বি তার দাদা এক্কাবর আলী ও দাদিকে ডেকে জানায়, সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে।

এক্কাবর আলী জানান, ডাক শুনে ঘুম থেকে উঠে নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পান তাঁরা। পরে রাব্বি ছোরাটি মাটিতে ফেলে দেয়। ঘরের ভেতরে গিয়ে তাঁরা বাচ্চু মিয়াকে ক্ষতবিক্ষত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁর হাত-পা বিচ্ছিন্ন ছিল বলে জানান এক্কাবর আলী। এ সময় স্বজনদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাব্বি।

আরও পড়ুন: শরীয়তপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট

খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে উপজেলার তবকপুর এলাকায় তার নানার বাড়ি থেকে আটক করা হয়েছে।


হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।