বলড়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থায়নে সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মো. গোলাম রসূল (শাহীন)। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত অর্থায়নে পূজা উদ্যাপনে সহায়তা দেন।
রোববার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বলড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে, আটক ১
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা রেজাউল খান (রতন), বলড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদল ও সোহেল খান। এ ছাড়া বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিদ হাসান বাদল, বয়ড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মৃধা মো. গোলাম রসূল (শাহীন) বলেন, ‘আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারও আপনাদের পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
আরও পড়ুন: শরীয়তপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট
তিনি দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত নেতাকর্মীরাও দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





