কাস্টমস কর্মকর্তা আবু হানিফ আহাদের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন
স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর মতিঝিল ডিভিশন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আহাদের বরখাস্ত ও দুর্নীতির তদন্তের দাবিতে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মঙ্গলবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্নীতিবিরোধী সংগঠন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ আলী।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি
এ ছাড়াও মানবাধিকার কর্মী কাজী মনিরসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ অবিলম্বে স্বৈরাচারের অনুসারী কাস্টমস কর্মকর্তা আবু হানিফ আহাদকে চাকরি থেকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অবৈধ উপার্জিত সম্পদের তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
বক্তাগণ বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে বিগত সময়ে আবু হানিফ আহাদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে অনেক ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতন করেছেন। হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে দীর্ঘদিন আহাদ পলাতক ছিলেন। কিন্তু সম্প্রতি রহস্যজনকভাবে চাকরিতে যোগদান করে আবারও অতীতের অপকর্ম শুরু করেছেন। দেশের স্বার্থে, জনস্বার্থে অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা





