রূপগঞ্জে রিপন হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪৫) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা বালুরঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত রিপন মিয়ার পরিবারের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্ত্রী শিল্পী বেগম, ছেলে শাওন ও শাহিন, ছোট বোন মনিরা বেগম এবং ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন,পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তোলেন বক্তারা।তাঁরা বলেন, একজন মানুষকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না দেওয়া নিয়ে বিরোধ
আরও পড়ুন: শাজাহানপুরে দুর্গাপূজা মণ্ডপে অনুদান, অসহায় নারীদের শাড়ি দিলেন শাহিন আহমেদ
স্থানীয় সূত্র ও মামলার অভিযোগ অনুযায়ী, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম অন্তর্ভুক্ত না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।





