যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস-২০২৬ পালিত
বিমান চলাচলের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের (এটিসিও) অবদান স্মরণ করে যশোর বিমানবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) র্যালি, সেমিনার, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উদযাপন কর্মসূচির শুরুতে বিমানবন্দর প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।
র্যালি শেষে স্বাগত বক্তব্য দেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আয়ুব আলী। তিনি নিরাপদ ও সুশৃঙ্খল আকাশপথ পরিচালনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: শাজাহানপুরে দুর্গাপূজা মণ্ডপে অনুদান, অসহায় নারীদের শাড়ি দিলেন শাহিন আহমেদ
অনুষ্ঠানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরিচালনগত গুরুত্ব, নিরাপত্তাব্যবস্থা, পেশাগত চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেওয়া হয়। এতে উপস্থাপক হিসেবে ছিলেন এসএটিও শফিকুল ইসলাম ও এরোড্রম সহকারী তরিকুল ইসলাম।
পরে অনুষ্ঠিত সেমিনারে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এটিসিওদের দায়িত্ব ও অবদান নিয়ে আলোচনা হয়। এ সময় ধারাবাহিক পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ, দলগত সমন্বয় এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যশোর বিমানবন্দরের ‘বছরের সেরা এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসিও)-২০২৬’ হিসেবে এস এম শাহাদাত হোসেনকে স্বীকৃতি দেওয়া।
নিরাপদ ও দক্ষভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিচালনা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্ধারিত স্ট্যান্ডার্ড ফ্রেজিওলজি অনুসরণের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে প্রশংসাপত্র তুলে দেন বিমানবন্দর ব্যবস্থাপক আয়ুব আলী।
সমাপনী বক্তব্যে আয়ুব আলী অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত এটিসিও, কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দলগত কাজ ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
পরে কেক কাটা ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে তা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ আয়োজনের মাধ্যমে নিরাপদ আকাশপথ পরিচালনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং পেশাগত উৎকর্ষ ও নিরাপত্তার মান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ।





