গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে রামদা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চালানো এ হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারীসহ দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই একদল অস্ত্রধারী সেখানে হামলা চালায়। হামলাকারীরা রামদা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে ঢাকা ও জয়দেবপুর রেলওয়ে পুলিশ এবং গাজীপুর সদর মেট্রো থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

রেলওয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।