সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম কিংবদন্তি সুরসাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ। ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে তাঁর জন্ম। শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। পরে সরোদসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষতা অর্জন করে তিনি উপমহাদেশের সংগীতজগতে অনন্য স্থান করে নেন।
আলাউদ্দিন খাঁর শিষ্যদের মধ্যে ছিলেন ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, অন্নপূর্ণা দেবী, পান্নালাল ঘোষ ও নিখিল বন্দ্যোপাধ্যায়। তাঁদের হাত ধরেই তাঁর সংগীতচর্চা ও শিক্ষার প্রভাব ছড়িয়ে পড়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ধারায়।
আরও পড়ুন: নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
স্মৃতিবিজড়িত স্থাপনা অযত্নে
আরও পড়ুন: জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক মেরামত করলেন জহিরুল ইসলাম সৌরভ
বিশ্বখ্যাত এই সংগীতসাধকের জন্মভূমি শিবপুরে তাঁর স্মৃতি সংরক্ষণে এখনো বড় কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাঁর পৈতৃক ভিটাসহ স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা যথাযথভাবে সংরক্ষিত না থাকায় ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আলাউদ্দিন খাঁর জন্মভূমি শুধু শিবপুরের নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই এখানে তাঁর নামে একটি স্মৃতি জাদুঘর, সংগীত বিশ্ববিদ্যালয় ও আধুনিক সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। একই সঙ্গে তাঁর হাতে গড়া মসজিদ ও পুকুর সংস্কার করে সংরক্ষণের দাবিও তাঁদের।
সংস্কৃতি মন্ত্রণালয়ে পরিকল্পনা
গত ২৩ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক নাহিদা সুলতানা শিবপুরে আলাউদ্দিন খাঁর জন্মভূমি পরিদর্শন করেন। এরপর তাঁর জন্মভূমিকে ঘিরে স্মৃতি জাদুঘর, কালচারাল সেন্টার, দর্শনার্থীদের অতিথিশালা ও স্মারক সংরক্ষণসহ একটি সমন্বিত পরিকল্পনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উদ্যোগ নেওয়ার আশ্বাস
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে শিবপুরে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে নবীনগরে আসার আহ্বান জানানো হয়েছে। তাঁর জন্মভূমি পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।’
ইউনিয়ন বিএনপি নেতা আবুল ফয়েজ, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, আলাউদ্দিন খাঁ মসজিদের প্রধান খতিব মাওলানা মোখলেসুর রহমান এবং সুরসম্রাটের দৌহিত্র লাখো খাঁর ছেলে রফিকুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আলাউদ্দিন খাঁ শুধু শিবপুরের নন, তিনি বাঙালি ও উপমহাদেশের গর্ব। তাঁর জন্মভূমির স্মৃতি সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।’
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, জন্মবার্ষিকীর এই দিনে আলাউদ্দিন খাঁর জন্মভূমিকে ঘিরে দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।





