মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

Shahrier Islam Pallab
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২০০ টাকা মূল্যমানের জাল নোট, মোট দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত, আহত ৩ তরুণ

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির অভিযোগে শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ২০০ টাকা মূল্যমানের জাল নোটের মোট দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়। পুলিশের দাবি, শ্রাবন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল খালেক

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের বরাতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার এবং জাল নোট জব্দ করা হয়েছে।