ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁ শহরে ইন্টারপোলের সদর দপ্তরে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত সম্মেলনটির নাম ‘২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স’। সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা অংশ নেবেন।
আরও পড়ুন: অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, যা বলল ডিএমপি
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: লাইসেন্স ছিল না, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেও বন্ধ হয়নি টুপটুপ রিসোর্ট





