সীমান্তে এক মাসে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Sadek Ali
‎‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণার সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, গবাদিপশু ও বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।

‎‎এক মাসে পরিচালিত ১৪২টি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা।

আরও পড়ুন: সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ, বাতিল ১৬৫ ফ্লাইট

‎রোববার (১ নভেম্বর) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরুসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থি সদস্য

‎জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, কয়লা, বাঁশ, প্রসাধনসামগ্রী, চিনি, লেবু, কোদাল, কাঁচি, শোলাপাতা, চকলেট, টমেটো, বিস্কুট, জিরাসহ বিভিন্ন ধরনের ওষুধ ও অন্যান্য পণ্য। এ ছাড়া একটি প্রাচীন মোটরসাইকেল ও একটি ঠেলাগাড়িও জব্দ করা হয়েছে।

‎অন্যদিকে, অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন মানব পাচারকারী ও দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় গত ১০ অক্টোবর মামলা করা হয়।

‎‎নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং জব্দ করা মালামালের পরিমাণ আরও বাড়াতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

‎‎ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।