শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও শ্রমিক অসন্তোষের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৬৫টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।

আরও পড়ুন: দেশে-বিদেশে সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে মালিকপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ পাচ্ছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ জানিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাঁদের কেউ কেউ পুনরায় কারখানা চালুর কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, আগামী সোমবার (১৬ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। তবে প্রস্তাবিত মজুরির পরিমাণ কত হতে পারে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকপক্ষ গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছে। তবে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধ করতে হতে পারে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এসব আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটেছে। এতে দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রয়েছে। সকালে কয়েকটি কারখানার শ্রমিক ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন। পরে তাঁদের অনেকেই কাজে ফিরে যান।

এদিকে সাধারণ ছুটি ঘোষণার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ফটকের বাইরে জড়ো হয়ে অবস্থান নেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।