৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম ভিত্তি।
আরও পড়ুন: ডিসেম্বর মোকাবিলায় নানামুখী প্রস্তুতি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ভারত ও আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। একই সঙ্গে তিনি একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছিলেন।
বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রবাসে অবস্থান করেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু।
আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





