তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন: খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

আরও পড়ুন: প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

তুরস্ক সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে তার তিন দিনের সফর সম্পন্ন হলো।