জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

Shahrier Islam Pallab
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫১ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন, জৈন্তাপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।

আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

উল্লেখ্য, গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবতেদায়ি, দাখিল ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। এসব প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে মঙ্গলবারের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত ও গজল, কবি নজরুল রচিত হামদ-নাত, একক অভিনয়, একক নৃত্য, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতা। কবির বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘নারী’, ‘সংকল্প’ ও ‘কাণ্ডারি হুঁশিয়ার’সহ বিভিন্ন কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও সংগীতভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়।

আরও পড়ুন: হরিরামপুরে ২১৫ পিস ইয়াবাসহ ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

রচনা প্রতিযোগিতায় ‘তারুণ্য ও নজরুল’, ‘আমার চোখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ এবং ‘নজরুল সাহিত্য ও সংগীতে ইসলামের সাম্যের ধারণা’সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কবির বিভিন্ন বয়স ও রূপ তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে।

পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা একক ও দলীয় নজরুলসংগীত, নৃত্য, ইসলামি সংগীত এবং কবিতা পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উদযাপনের উপজেলা পর্যায়ের এ আয়োজন সম্পন্ন হয়।