২০২৮ সালে প্রথম নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র
নারী ফুটবলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ফিফা জানিয়েছে, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এতে ছয়টি মহাদেশীয় কনফেডারেশন থেকে অংশ নেবে ১৯টি শীর্ষ পর্যায়ের ক্লাব।
ফিফার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা, উন্নত অবকাঠামো ও প্রয়োজনীয় সেবাব্যবস্থা এবং দেশটিতে নারী ফুটবলের প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর আগ্রহ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রেকর্ড গড়ে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
এর আগে বড় ক্রীড়া আসর আয়োজনের অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের। পুরুষদের ২০২৬ বিশ্বকাপ আয়োজনেও দেশটি অংশীদার।
ছয় মহাদেশ থেকে অংশ নেবে ১৯ ক্লাব
আরও পড়ুন: পারল না বাংলাদেশ, ফাইনালে আফগানিস্তান
ফিফার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ), উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) এবং দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) থেকে তিনটি করে ক্লাব অংশ নেবে।
ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অধীনে থাকা ছয়টি শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলবে। আর ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) থেকে অংশ নেবে একটি দল। সব মিলিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা দাঁড়াবে ১৯।
ইতিমধ্যে সাতটি ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হলো—ইংল্যান্ডের আর্সেনাল, মেক্সিকোর ক্লাব আমেরিকা ফেমেনিল, স্পেনের বার্সেলোনা, যুক্তরাষ্ট্রের গথাম, উত্তর কোরিয়ার ন্যাগোহ্যাং, ব্রাজিলের করিন্থিয়ান্স এবং চীনের উহান জিয়াংদা।
নারী ফুটবলের বিশ্বব্যাপী প্রসারে নতুন উদ্যোগ
ফিফার নারী ফুটবল বিভাগের প্রধান সারাই বেয়ারম্যান বলেন, এই সাতটি ক্লাবের সঙ্গে আরও ১২টি দল যোগ দিয়ে বিশ্বমঞ্চে নারী ক্লাব ফুটবলের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরবে।
তিনি বলেন, ক্লাবগুলো নিজেদের ইতিহাস ও সাফল্য তুলে ধরা, সমর্থক বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা দলগুলো অর্জন করেছে।
ফিফা জানিয়েছে, নারী ক্লাব বিশ্বকাপ চালুর মাধ্যমে নারী ক্লাব ফুটবলের পেশাদার বিকাশ ও বিশ্বব্যাপী সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে শীর্ষ ক্লাবগুলো বিশ্বসেরার মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
২০২৬ থেকে পিছিয়ে ২০২৮ সালে আয়োজন
প্রাথমিকভাবে ২০২৬ সালে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ছিল ফিফার। পরে প্রতিযোগিতাটি দুই বছর পিছিয়ে ২০২৮ সালে নেওয়া হয়।
২০২৭ সালের নারী বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গ্রীষ্মকালীন অলিম্পিকের মাঝখানে প্রতিযোগিতার জন্য আলাদা সময় রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, পুরুষদের ফিফা ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ২০২৫ সালের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে শিরোপা জেতে ইংলিশ ক্লাবটি। ওই আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।





