সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
বৈশ্বিক সাইবার নিরাপত্তাঝুঁকির মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকিংয়ের চিহ্ন পাওয়া গেছে। মেরামতের কাজ চলায় রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে আজকের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ করছেন ব্যাংকটির আইটি বিভাগের কর্মীরা।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এ বিষয়ে বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে দুটি অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিক করতে সময় লাগছে। তবে রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা সম্ভব হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট তখনও বন্ধ ছিল।
আরও পড়ুন: টানা চতুর্থবার কমল সোনার দাম
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।
গত ২১ অক্টোবর প্রকাশিত এক যৌথ সতর্কবার্তায় জানানো হয়, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শও দেওয়া হয়।
এরপর বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সচল ছিল।





