ছুটি শেষে চেনা যানজটে ঢাকা, সকালে সড়কে বাড়তি চাপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই সড়কে বেড়েছে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল। কর্মস্থলমুখী মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক ও ফুটপাত। কোথাও যানজট, কোথাও বাসের জন্য দীর্ঘ অপেক্ষা—সব মিলিয়ে ছুটি শেষে রাজধানীতে ফিরেছে চেনা কর্মব্যস্ততা।

রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে সড়কে যানবাহনের চাপ ও মানুষের ব্যস্ত চলাচল দেখা যায়। সকাল ৮টার পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। অফিসগামী অনেককে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

আরও পড়ুন: গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গণপরিবহনে যাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে রওনা হন। আবার অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ বাসে উঠতে না পেরে পরের বাসের জন্য অপেক্ষা করেন। যাত্রী ওঠানো-নামানোর সময় বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে আসে।

রামপুরা ও বাড্ডা এলাকায় সকাল থেকেই কর্মজীবী মানুষের ব্যস্ততা ছিল বেশি। সড়কের এক পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, অন্য পাশে ছিল যানবাহনের দীর্ঘ সারি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচলও ছিল উল্লেখযোগ্য। যানবাহনের চাপ বাড়ায় অনেককে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় নিয়ে বের হতে হয়েছে।

আরও পড়ুন: ফুটপাত উচ্চেদে অভিযান চললেও নাগরিক সুবিধা নিয়ে প্রশ্ন

হাতিরঝিল এলাকায়ও কর্মস্থলে ফেরার ব্যস্ততা দেখা গেছে। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে গন্তব্যে যাচ্ছিলেন। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ধীরগতি তৈরি হয়।

অন্যদিকে মালিবাগ ও মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সঙ্গে যুক্ত হয় যানবাহনের চাপ। বাসের অপেক্ষায় যাত্রীদের সারি, গাড়ির হর্ন এবং সড়কে যানবাহনের ধীরগতিতে ফিরে আসে রাজধানীর নিয়মিত কর্মদিবসের চিত্র। পল্টন এলাকায়ও অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের চলাচলে ব্যস্ত হয়ে ওঠে ফুটপাত। পথচারীদের রাস্তা পারাপার এবং যানবাহনের চাপ সামলে চলাচল করতে দেখা যায় চালকদের।

বাড্ডা এলাকায় দায়িত্ব পালনকারী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর রোববার ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। এ কারণে সড়কে গাড়ির চাপ বেশি ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত যানজটও ছিল উল্লেখযোগ্য। তবে ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পরে যানবাহনের চাপ কমেছে এবং তখন তেমন যানজট ছিল না।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। কর্মজীবী মানুষের নিয়মিত যাতায়াত শুরু হওয়ায় সকালবেলার ব্যস্ত সময়ে আবারও যানজট ও গণপরিবহনে ভিড়ের মুখে পড়েছেন নগরবাসী।