আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিয়েও গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়টি গণমাধ্যমকেও মনে রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নয়, দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
গেজেটের বিষয়টি তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, দলটির কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি এসব কার্যক্রমের প্রচারও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমেরও বিবেচনায় রাখা উচিত। আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলটির আগুন-সন্ত্রাসের ঘটনা নতুন নয়। তার দাবি, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই দলটি অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।





