এইচএসসির বিশেষ পরীক্ষার্থীরা এবার ঢাবির ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না এসব শিক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি আবেদন ও পরীক্ষা শেষ হওয়ায় তাদের জন্য অপেক্ষা করার সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে উত্তীর্ণ হবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ভর্তি আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এই বিষয়ে তথ্য দেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঢাবির বাসে আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকদের হামলা
জানা গেছে, আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর।
এ বিষয়ে ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ পরীক্ষার ফল প্রকাশ হতে ডিসেম্বরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন এবং পরীক্ষার কার্যক্রম শেষ হবে। এত দীর্ঘ সময় ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ফলে বিশেষ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের এবার ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে না। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তারা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী মোহামেডান ব্লুজের নতুন কমিটির জিএস তুহিন, নেতৃত্বে রয়েছে চবি'র শিক্ষার্থীরাও
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ভর্তি আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কারণ, ভর্তি আবেদনের শেষ সময় এবং এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় কাছাকাছি।
তিনি আরও জানান, আবেদনের সময় বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য রয়েছে। তবে ভর্তি পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ পরীক্ষায় উত্তীর্ণদের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সুযোগ কতটা থাকবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ও সময়সূচির ওপর।





