আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং চলাকালে আগুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এ ঘটনার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।