গাজীপুরে শ্রমিকদের সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড, স্বাভাবিক যান চলাচল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে কিছুটা ধীরগতি রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আরও পড়ুন: সরকার বদলেছে, বদলায়নি ঠিকাদারি প্রভাবের অভিযোগ: ফেনীতে আলোচনায় মনজুরুল ইসলাম সুমন

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে আবারও জড়ো হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় দফা ধাওয়ায় তারা মহাসড়ক ছেড়ে দেন। এরপর সকাল ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা সড়কে অবস্থান করেন। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ‎নেত্রকোণায় বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতা-কর্মী গ্রেফতার

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। জরুনের দিকেও শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।