মিলেছে সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা
রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং সোনা-রুপার অলংকার। ৪ মাস ২৪ দিন পর খোলা ১৫টি দানবাক্স থেকে সংগৃহীত মালামাল ভরা হয় ৫১টি বড় বস্তায়। দিনভর গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত হিসাব ঘোষণা করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। পরে বস্তাবন্দী টাকা ও অন্যান্য সামগ্রী মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢেলে গণনা শুরু হয়।
আরও পড়ুন: ঢাকা ও মানিকগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
গণনা কাজে পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মী এবং জেলা প্রশাসনের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত ফলাফল জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।
গণনা চলাকালে পুরো প্রক্রিয়া ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ, ৮ জন র্যাব ও ২০ জন আনসার সদস্য। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক।
আরও পড়ুন: খুলনায় পৃথক ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি
দানবাক্স খোলার দিনটিকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ময়মনসিংহ থেকে আসা দর্শনার্থী মো. আব্দুল করিম বলেন, মানুষের বিশ্বাস ও নেক আশা থেকেই এখানে দান আসে। সুশৃঙ্খলভাবে এত বিপুল অর্থ গণনা দেখে ভালো লেগেছে; এই অর্থে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও নামাজের জায়গা আরও বড় হবে বলে তিনি আশা করেন। কিশোরগঞ্জ শহরের বাসিন্দা প্রদীপ চন্দ্র সাহা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার বিশ্বাস ও মানতের জায়গা এই মসজিদ। সব মানুষের দানে গড়া প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুপরিসর হোক—এমন প্রত্যাশা জানান তিনি।
মুসল্লি ও দর্শনার্থীদের চাপ বাড়ায় মসজিদে জায়গার সংকট তৈরি হয়েছে উল্লেখ করে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাগলা মসজিদের সুনাম ছড়িয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে দান করেন। মসজিদ সম্প্রসারণের নকশা চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, "দানের অর্থে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।"
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মানুষের গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এই দানবাক্সগুলো। স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে এই আমানত সংরক্ষণ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, পাগলা মসজিদের বর্তমান তহবিলে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা রয়েছে; এ ছাড়া অনলাইনে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
দউল্লেখ্য, এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। আগের সেই রেকর্ড ছাড়িয়ে এবার দানের পরিমাণ ১৮ কোটি ২১ লাখ ছাড়াল।





