সাবেক ডিআইজি আতিকার স্বামীর ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক ডিআইজি আতিকা ইসলামের স্বামী ও লাক্সিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ডা. ফারদিন ইসলাম সাগরের নামে ২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তার সম্পদের প্রকৃত হিসাব ও উৎস যাচাই করতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ফারদিন ইসলাম সাগরের মোট আয় পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ ১৯৮ টাকা। একই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ৫২ লাখ ১৫ হাজার ৮৮৯ টাকা। এই হিসাব অনুযায়ী, ব্যয় বাদ দেওয়ার পর তার নিট সঞ্চয় থাকার কথা ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা।

আরও পড়ুন: সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

তবে অনুসন্ধানকালে তার নামে ২ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী বৈধ সঞ্চয়ের সঙ্গে এ সম্পদের হিসাবের সামঞ্জস্য পাওয়া যায়নি।

দুদকেরহিসাব অনুযায়ী, তার নামে পাওয়া ২ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকার সম্পদ থেকে বৈধ আয়ের ভিত্তিতে থাকার কথা ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা বাদ দিলে অতিরিক্ত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি টাকা। এই অর্থকেই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীকে নিয়ে ছড়ানো ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলল আনসার

অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফারদিন ইসলাম সাগরের নামে ও বেনামে আরও স্থাবর-অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। তাই তার প্রকৃত সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস যাচাই করা প্রয়োজন বলে মনে করছে দুদক।

এ অবস্থায় অনুসন্ধানকারী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী ফারদিন ইসলাম সাগরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। তবে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা অনুসন্ধান ও যাচাই প্রক্রিয়ার অংশ; এটি নিজেই কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার সিদ্ধান্ত নয়।