গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ১১:৪৬ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেককেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন: রাজধানীর কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সত্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে নগর পরিবেশ রক্ষা, জলাধার সংরক্ষণ এবং রাজধানীর নাগরিকদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব বিনোদন ও চলাচল সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে গুলশান-বনানী-বারিধারা লেক এলাকাকে আরও নান্দনিক ও টেকসই নগর ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

আরও পড়ুন: ঢাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সোসাইটিগুলোকে নিয়ে সমন্বিত উদ্যোগ