বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি
সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের চাপে চিঁড়েচ্যাপ্টা নিম্ন-মধ্যম আয়ের মানুষ
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকট। এ কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয়ও বেড়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা রয়েছে। গত অর্থবছরে এসব বিনিয়োগ থেকেও ভালো আয় এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ আয় এবং বৈদেশিক বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার সম্মিলিত প্রভাবেই সর্বশেষ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফার পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। ওই অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।
পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও বেড়ে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।
অর্থাৎ, টানা দুই অর্থবছরেই বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে।





