না-ফেরার দেশে ইবি শিক্ষার্থী তরিকুল

Shahrier Islam Pallab
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪০ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্বাসকষ্টজনিত কারণে না-ফেরার দেশে চলে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শোক জানিয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলায়। ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার এক মেসে থাকতেন তিনি।

আরও পড়ুন: ঢাবির ৯৮ গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্বারোপ

পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে গত কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তাকে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সে সময় চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ আবার একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। শারীরিক জটিলতা বেড়ে গেলে সহপাঠী ও বন্ধুরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে বলেন, ‘তরিকুলের অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। কিছু বিদায় মেনে নেওয়া খুবই কঠিন। মহান আল্লাহ তরিকুলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

আরও পড়ুন: ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

এ বিষয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। জানতে পেরেছি, এর আগেও তার সমস্যা হয়েছিল। গতকাল বাইক চালানোর কারণে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আমরা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।’