নতুন ভিসি নিয়োগ ঘিরে ডুয়েটে সংঘর্ষ, আহত অন্তত ১৫
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, ডিসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জানা যায়, নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রোববার সকাল ১০টার দিকে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সাবেক ভিসি জয়নাল আবেদীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী রফিকের উস্কানিতে শিবিরের ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক তাসনীমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়।
আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
একপর্যায়ে তারা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং নতুন ভিসির প্রবেশে বাধা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ডিসি রবিউল, সদর থানার ওসি (তদন্ত) মেহেদী, সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, সাংবাদিক দেলোয়ারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: তীব্র বৃষ্টিতে জলবদ্ধ ঢাবি, বিপাকে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ডুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।





