বন্যা পরিস্থিতি

চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় বুধবারের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৯:০৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের আওতায় রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাবি টিচার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘দুর্বার একাত্তর’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা। পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও এ সিদ্ধান্তের আওতাভুক্ত।

আরও পড়ুন: নতুন নির্দেশনা জারি করল জাতীয় বিশ্ববিদ্যালয়

তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একইভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তটি ধাপে ধাপে নেওয়া হয়। প্রথমে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরে রাত ১২টার দিকে কক্সবাজার জেলাকে যুক্ত করা হয়। সর্বশেষ রাত ১টা ১৫ মিনিটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার সব পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।