দীর্ঘ ৫ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জককানইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আজ বুধবার সকালে এটি জনসম্মুখে প্রকাশিত হয়।
আরও পড়ুন: খেলাধুলা-শিক্ষায় দেশসেরার স্বপ্ন বুনছে সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ
নতুন এই কমিটিতে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান (মামুন সরকার)-কে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
৬৮ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন খাইরুল বাশার। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম. সানোয়ার রাব্বী প্রমিজ, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন। কমিটিতে আরও ৪৭ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্বে আসার পর সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার) বলেন, “দীর্ঘদিন পর এই কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদলের তৃণমূল কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনো সংকটে আমরা তাদের পাশে থাকব। আমাদের প্রধান লক্ষ্য হলো ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।”





