মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একসঙ্গে ৪৬ শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে এসব শিক্ষকের বদলির আদেশ দেওয়া হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এ পদক্ষেপকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, প্রতিষ্ঠানে দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
জানা গেছে, বদলি হওয়া শিক্ষকরা গত পাঁচ থেকে সাত বছর ধরে টানা মতিঝিলের মূল শাখায় কর্মরত ছিলেন।
একাধিক শিক্ষক জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ৪৬ শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। পরে বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা
তবে বদলি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বদলির তথ্য প্রকাশের আগেই অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেন। ফলে বদলি প্রক্রিয়ার গোপনীয়তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে। এগুলো হলো—মতিঝিলের মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখা। তিন শাখায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন প্রায় ৭০০ জন এবং কর্মচারীর সংখ্যা দুই শতাধিক।





