একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, পরবর্তী কার্যক্রম যেভাবে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফল দেখতে পারছেন।

আরও পড়ুন: রাতে প্রকাশ হচ্ছে একাদশ ভর্তির প্রথম ধাপের ফল

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন।

সারা দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সে হিসাবে এবার উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন সীমিত থাকায় জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী তাদের প্রথম পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নাও পেতে পারেন।

আরও পড়ুন: চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীন সফরে ঢাবি উপাচার্য

কেন্দ্রীয়ভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণসহ পরবর্তী ধাপগুলোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি নিশ্চিতকরণ ও ফি প্রদান: ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীর প্রাথমিক নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

মাইগ্রেশন বা পছন্দক্রম পরিবর্তন: শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

মূল ভর্তি কার্যক্রম: কলেজগুলোতে শিক্ষার্থীদের মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরু: সব আনুষ্ঠানিকতা শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

সবশেষে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড দিয়ে ‘সাবমিট’ করলে শিক্ষার্থী কোন কলেজের জন্য নির্বাচিত হয়েছেন, তা স্ক্রিনে দেখা যাবে।