শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল দায়ের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নপত্র ফিরে পেতে শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে উপচে পড়া ভিড় দেখা গেছে। দিনভর চলা কেন্দ্রীয় আপিল বুথে বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৫টার সময়সীমা পেরিয়ে গেলেও যারা আগেই উপস্থিত হয়েছেন, তাদের আপিল গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপর গণভোটের পরিকল্পনা

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “আজ বিকেল ৫টা পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সময় যতোই লাগুক, আমরা তা শেষ করব।”

ইসি কর্মকর্তারা আরও জানায়, গত চার দিনে মোট ৪৬৯টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়েছিল। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।

আরও পড়ুন: পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিলের শুনানি নেওয়া হবে।

তফসিল অনুসারে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।