মারা গেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কারিনার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বাবা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন: বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ‘ধ্বংস’ শব্দে রহস্য বাড়ালেন মৌনী রায়
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করেন এবং লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন।
আরও পড়ুন: তিন বিয়ে আর অসংখ্য প্রেম: সঞ্জয় দত্তের জীবনের অজানা সেই রহস্যময়ী নারী কে?
কারিনার বাবা কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ করেই তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্ম ও ছোটপর্দায় তার অভিনীত ও লেখা উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’।
কারিনার মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।





