বিশ্ব সংগীত দিবস আজ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ২১ জুন বিশ্ব সংগীত দিবস। গ্রীষ্মকালীন অয়নকালের এই বিশেষ দিনে বিশ্বের ১২০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষ সংগীতের সুরে উদযাপন করছেন ‘বিশ্ব সংগীত দিবস’ বা ‘লা ফেত দে লা মিউজিক’। সংগীতের সর্বজনীন শক্তি, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে বিশ্বজুড়ে আয়োজন করা হয়েছে নানা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৮২ সালে ফ্রান্সে শুরু হওয়া এই আয়োজন বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। বিশ্বের প্রায় ৭০০টিরও বেশি শহরে আজ রাস্তাঘাট, পার্ক, জাদুঘর ও বিভিন্ন উন্মুক্ত স্থানে শৌখিন ও পেশাদার সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট ও পরিবেশনা। আয়োজকদের ভাষ্য, সংগীতের কোনো ভাষা নেই; এটি মানুষে মানুষে সংযোগ, শান্তি ও আনন্দের সেতুবন্ধন তৈরি করে।

আরও পড়ুন: সামান্থা রুথ প্রভু কি মা হতে চলেছেন?

ফ্রান্সে দিবসটি জাতীয় উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে। দেশটির বিভিন্ন শহর ও জনসমাগমস্থলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিচ্ছেন সংগীত উৎসবে।

বিশ্ব সংগীত দিবস উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশও। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।

আরও পড়ুন: বিয়ের সাজে বুবলীর নতুন লুক ভাইরাল

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আজ বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী ও সংস্কৃতিজন আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত সুরস্রষ্টা ও সংগীত পরিচালক শেখ সাদী খান। বিকেল ৫টা থেকে পরিষদভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীদের দলীয় ও একক সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে। আগামী ২২ জুন একই সময়সূচিতে উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আকরামুল ইসলাম।

অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর আয়োজন করেছে। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে।

শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথম দিনে ঢাক-ঢোল বাদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পিয়ানো বাদন এবং অর্কেস্ট্রা পরিবেশনা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশনা, একক গান এবং ব্যান্ড সংগীতের আয়োজন থাকবে।

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানীর এসব আয়োজন সংগীতপ্রেমীদের জন্য তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ। সুর ও ছন্দের এই বৈশ্বিক উদযাপনে অংশ নিতে প্রস্তুত শিল্পী ও দর্শকরা।