জন্মদিনেই ভক্তদের বড় চমক দিলেন প্রিয়াঙ্কা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে প্রিয়াঙ্কার প্রথম লুক। ছবিতে তিনি অভিনয় করছেন ‘মন্দাকিনী’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

জন্মদিন উপলক্ষে সিনেমাটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রিয়াঙ্কার দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…”।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথম ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকারা

প্রকাশিত প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় এক রহস্যময় ও তীক্ষ্ণ ব্যক্তিত্বের নারী হিসেবে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুক আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পোস্টারের সবচেয়ে নজরকাড়া বিষয় তার দৃঢ় ও তীক্ষ্ণ দৃষ্টি, যা চরিত্রটির রহস্যময় আবহকে আরও গভীর করেছে।

অন্যদিকে দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট এবং কালো কার্গো প্যান্ট পরে তাকে আনন্দঘন ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। ছবির পেছনে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ এক ভিন্নধর্মী অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: অতীতের বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘মন্দাকিনী’ একজন বিশ্বভ্রমণকারী, সাহসী ও দুর্ধর্ষ নারী। একই সঙ্গে তিনি শক্তিশালী, সংবেদনশীল এবং এমন এক চরিত্র, যা দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।

প্রথম লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। কেউ ধারণা করছেন, প্রিয়াঙ্কা হয়তো ছবির প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘ অভিনয়জীবনেও তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

বিশ্বজুড়ে প্রশংসিত ‘আরআরআর’-এর সাফল্যের পর পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী বড় আয়োজন ‘বারাণসী’। বড় বাজেটের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলভিত্তিক বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে নির্মিত হচ্ছে বৈশ্বিক পরিসরের এই অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।